07.19.06

ভয়

Posted in কবিতা, ভাইয়ের লেখা Project Management 7:24 pm লিখেছেন Aparna

গোধূলিবেলায় বারান্দায় এসে দাড়াঁই।
এ সময়টা বেশ আলো-আধাঁরি~
আড়াল থেকে পৃথিবীটাকে
দেখা যায় বেশ।

অবশ্য আমার পৃথিবী তো
ওই ভাঙ্গাচোরা রাস্তা
আর ভাঙ্গাচোরা সমাজ
ভাঙ্গাচোরা মানুষ
তাই সই।
তাই দেখি।

সন্ধ্যাবেলায় বারান্দায় এসে দাড়াঁই~
আকাশে তখন সবেমাত্র দু’একটা তারা
উঁকি দিয়ে ঝিকিমিকি জ্বলছে।

অবশ্য ওই তো আকাশ~
বিষবাষ্পে মলিন।
মলিন হৃদয়ে,
মলিন চোখে,
তাই দেখি।

রাত্রে ফের বারান্দাতে এসে দাড়াঁই।
চাঁদের আলোর সাথে
বেশ গল্প করি।
অবশ্য তখন কাউকেই আর
পড়ে না চোখে;
আর অজানা ভয় এক ছেঁকে ধরে।

আকাশে তখন কে যেন এসে দাড়াঁয়।
তাকে আমি ঠিক দেখতে পাই না-
সে তবু দেখে আমায়।।

~অর্ণব রায়

07.14.06

আমার আমি

Posted in কবিতা, ভাইয়ের লেখা Project Management 4:12 pm লিখেছেন Aparna

বাড়িটিতে একটি তৃতীয় ব্যক্তিও ছিল।
আমি, তুমি ও সে ~
এই নিয়ে আমাদের সুখী সংসার।

বেশ ছিলাম;

হঠাৎ একদিন দমকা হাওয়া
এসে বলল “তোমাকে তো ঠিক চিনলাম না~”
ঘাসফুল মাথা নেড়ে সায় দিল
আকাশে ভেসে থাকা আহ্লাদী মেঘ
বলল “ঠিক, ঠিক–”
তাকে দূর করে দিলাম।

তারপর শুধু আমি ও তুমি –
এই আকাশ, এই মাটি, এই জল
শুধু আমার আর তোমার।

বেশ ছিলাম;

কিন্তু দমকা হাওয়া, ফিরে এলো তবু
হায় হায় করে সে বলল,
“নেই, নেই –”
ঘাসফুল রইল চুপ করে -
মেঘ জল ঝরাল চোখের।

এখন আমি তোমাকে ছেড়ে
দূরে চলে যাব।
অনেক দূরে, যেখানে তুমি বা সে
কেউই
আমাকে খুজে পাবে না।

হারিয়েছি মুখোশ কবেই
প্রতিবিম্বেরও পিছুটান ছেড়ে
আজ হব আমারই আপন।। 

~অর্ণব রায়।

06.05.06

নস্টালজিয়া

Posted in কবিতা, ভাইয়ের লেখা Project Management 8:00 am লিখেছেন Aparna

সারাটা দিন রোদ্দুর আর বৃষ্টি
লুকোচুরি খেলে, লুটোপুটি খেয়ে হল সারা।
মিষ্টি বাতাস আলোড়িত করে
তবু কেন বারে বার, বারে বার
ভেসে আসে — ” এই”
~

কোনদিন পরিচয় মেলে ধরে
আসো নি কাছে ~
তবু সবটুকু পাওয়ার আশায়
ছুটে ছুটে গেছি।
ফিরেছি নিঃস্বতর হয়ে।

দুর্নিবার আকাঙ্ক্ষার নাম রেখেছি - ঝোড়া।

তারপর সময়ের পাগলাঝোড়ায়
অনেক ঝড় উঠেছে।
কেটেছে অনেক স্বপ্নবিহীন রাত্রি
স্বপ্নময় দিন।

এখন দুচোখে পড়েছি বাস্তবের চশমা।
সবটুকু নয়, শুধু একটু একটু করে
আজ গড়ে তুলি আমার সংসার।

তবু মাঝে মাঝে, রোদ ঝড় মাখামাখি করে
কেন জানি বারে বার, বারে বার
ফিরে আসে — “এই”~

~অর্ণব রায়

05.20.06

প্রিয় বন্ধুর জন্মদিনে

Posted in কবিতা, ভাইয়ের লেখা Project Management 6:17 pm লিখেছেন Aparna

আজ আর কোন বাঁধনে ধরা দিও না
আজ আর জীবনের রোজনামচাটা সম্বল করে
প্রতিবন্ধী কোর না নিজেকে।

তার চেয়ে বরং পথে নেমে পড়ো।
রক্তিম মাটি দুই হাতে মেখে
নাও তার ঘ্রাণ–
আবেগে নাচো, হাসো, কাঁদো, গাও
হও মাতোয়ারা।

শুধু—

শুধু ফুল তুলো না
আজ ফুল হয়ে ফোটো।

~ অর্ণব রায়